আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেবি বলেছেন, শত্রুদের এমনটা ভাবা উচিত নয় যে তারা বর্তমান লড়াইকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ দিতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পরবর্তী ধাপে যাওয়ার আগে ইরান প্রথমেই যুক্তরাষ্ট্রের সক্ষমতাগুলো গুঁড়িয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আইআরজিসির এই মুখপাত্র ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাদের এমনটা ধরে নেওয়া ঠিক হবে না যে তারা বর্তমান লড়াইয়ের গতি ধরে রাখতে পারবে বা সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত করতে পারবে।
তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অবকাঠামোগুলো ধ্বংস করার দিকেই বর্তমানে ইরানের অভিযানগুলো নিবদ্ধ রয়েছে। এরপরই শুরু হবে পরবর্তী পদক্ষেপ।
প্রসঙ্গত, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে কয়েক দিন ধরে ইরানের লাগাতার হামলার পরই এ মন্তব্য এলো। অন্যদিকে, মার্কিন বাহিনীও ইরানের দক্ষিণ উপকূলের একাধিক স্থানে আঘাত হেনেছে।
উল্লেখ্য, বুধবার বামপুরে ইরানের একটি সেনা ব্যারাকে হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করেছে তারা। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন হামলায় এ পর্যন্ত ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


